হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে এক্স-রে পরীক্ষার ফি আদায় করা হলেও সরকারি জমা রেজিস্টারে পাওয়া গেছে মাত্র একজনের হিসাব। প্যাথলজি বিভাগেও আদায় করা অর্থের তুলনায় সরকারি কোষাগারে জমার পরিমাণ অনেক কম। এসব অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে এসব তথ্য পায় দুদকের সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল। অভিযানে দেখা যায়, হাসপাতালের এক্স-রে বিভাগে তিনজন এবং প্যাথলজি বিভাগে দুজন টেকনিশিয়ান কাজ করছেন। তবে পাঁচজনের কারও সংশ্লিষ্ট কাজের সনদ, অভিজ্ঞতার প্রমাণ কিংবা বৈধ নিয়োগপত্র নেই। প্রাতিষ্ঠানিক বা আউটসোর্সিং কোনো প্রক্রিয়াতেই তাঁদের নিয়োগের কাগজপত্র পাওয়া যায়নি।
নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই কর্মচারী নিয়োগ, সিজারিয়ান অস্ত্রোপচার ও কেবিনের অর্থ আত্মসাৎ এবং রোগী হয়রানির অভিযোগও খতিয়ে দেখছে দুদক। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে। দুদকের জেলা কার্যালয়ের উপপরিচালক এরশাদ আলী জানান, অভিযানে ফি আদায়ের রশিদের মুড়ি, জমা রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন,
জনবল সংকটের কারণে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনার ভিত্তিতে পাঁচ টেকনিশিয়ানকে অনানুষ্ঠানিকভাবে কাজে যুক্ত করা হয়েছে। রোগীপ্রতি তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়। পরীক্ষা ও অপারেশনের ফি নিয়মিত সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে এ-সংক্রান্ত নথি দেখাতে পারেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুদকের পূর্ণাঙ্গ তদন্তে অর্থ আদায় ও জমার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন