ইসরাইলের রাষ্ট্র প্রতিষ্ঠা, ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাত এবং ফিলিস্তিনিদের প্রতি আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক রয়েছে। দেশটির সামরিক শক্তি ও আন্তর্জাতিক মিত্রতা থাকলেও দখলদারত্বের অভিযোগ, মানবাধিকার পরিস্থিতি, আঞ্চলিক বৈরিতা, রাজনৈতিক বিভাজন এবং যুদ্ধের অর্থনৈতিক চাপ ইসরাইলের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। ফিলিস্তিনিদের অধিকার ও আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে ইসরাইলের নীতি আন্তর্জাতিক বিচার আদালত, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমালোচনার মুখে পড়েছে। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, বিচারব্যবস্থা নিয়ে বিরোধ, সামরিক সেবায় বৈষম্য এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবও আলোচনায় এসেছে। এসব বিষয় বিবেচনায় ইসরাইলের দুর্বলতা ও বিতর্কিত দিকগুলো নিচে তুলে ধরা হলো।
১. দখলদার রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক পরিচিতি
ফিলিস্তিনিদের ভূমি হারানো, বাস্তুচ্যুতি ও দীর্ঘস্থায়ী সংঘাতের সঙ্গে ইসরাইলের রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস গভীরভাবে জড়িত। ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত ১৮১ নম্বর প্রস্তাবে ফিলিস্তিনকে আরব ও ইহুদি—দুটি রাষ্ট্রে ভাগ করার সুপারিশ করা হয়েছিল। পরিকল্পনায় প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রের জন্য প্রায় ৫৬ শতাংশ এবং আরব রাষ্ট্রের জন্য প্রায় ৪৪ শতাংশ ভূখণ্ড নির্ধারণের কথা ছিল। জেরুজালেমকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় রাখার প্রস্তাবও ছিল। তবে এটি ছিল বিভাজনের সুপারিশ; কোনো ভূখণ্ড সরাসরি হস্তান্তরের চূড়ান্ত চুক্তি নয়। ১৯৪৮ সালের যুদ্ধের পর ইসরাইল জাতিসংঘের পরিকল্পনায় নির্ধারিত এলাকার বাইরেও ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ওই সময় বিপুলসংখ্যক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন।
১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকাসহ বিভিন্ন ভূখণ্ড দখল করে। পরবর্তী সময়ে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ এবং পূর্ব জেরুজালেমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচিত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ ও ৩৩৮ নম্বর প্রস্তাবে ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।
২০২৪ সালের ১৯ জুলাই আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত উপস্থিতি অবৈধ। আদালত ইসরাইলকে যত দ্রুত সম্ভব ওই অবৈধ উপস্থিতি অবসানের বাধ্যবাধকতার কথা জানায়। একই বছরের ১৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ১২৪-১৪ ভোটে একটি প্রস্তাব গ্রহণ করে, যাতে ইসরাইলকে এক বছরের মধ্যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তার অবৈধ উপস্থিতি অবসানের দাবি জানানো হয়। এ ছাড়া পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, ভূমি দখল এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনা ইসরাইলের আন্তর্জাতিক অবস্থানকে আরো বিতর্কিত করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আসছে।
২. বিশ্ববাসীর সমর্থন লাভে ব্যর্থতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার ঝুঁকি
ইসরাইলের অন্যতম দুর্বলতা হলো ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক জনমত ও কূটনৈতিক চাপ। ১৯৪৮ সালের যুদ্ধের পর পশ্চিম জেরুজালেম ইসরাইলের নিয়ন্ত্রণে যায়। ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেমও দখল করে দেশটি। ১৯৮০ সালে ইসরাইল জেরুজালেমকে নিজের অবিভক্ত রাজধানী ঘোষণা করে আইন পাস করে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ পূর্ব জেরুজালেমকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেও আন্তর্জাতিক অবস্থান এক নয়।
বিশ্বের অনেক দেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই বা সম্পর্ক সীমিত। বিশেষ করে মুসলিম বিশ্বের বহু দেশের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক নয়। ফিলিস্তিনিদের ওপর সামরিক অভিযান, গাজায় অবরোধ, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং বেসামরিক মানুষের প্রাণহানির কারণে বিভিন্ন দেশে ইসরাইলবিরোধী জনমত তৈরি হয়েছে। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার পরও সংঘাত পুনরায় শুরু হওয়া, ফিলিস্তিনিদের ওপর বিধিনিষেধ এবং দখলদারত্ব অব্যাহত থাকার অভিযোগ ইসরাইলের শান্তিপ্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক আস্থাকে দুর্বল করেছে। বিভিন্ন দেশে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ, বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনার দাবি এবং অস্ত্র সরবরাহ সীমিত করার আহ্বানও দেশটির কূটনৈতিক চাপের দিকটি সামনে এনেছে।

মন্তব্য করুন