কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে সার বিতরণের জন্য সিলেট বিভাগে নিয়োগপ্রাপ্ত ডিলারদের বড় একটি অংশ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার ২২৮ জন সার ডিলারের মধ্যে ১৯৪ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। যা মোট ডিলারের প্রায় ৮৫ শতাংশ।
দৈনিক বাংলাদেশ মিডিয়ার হাতে আসা তথ্য বিশ্লেষণে দেখা যায়, এসব ডিলারের মধ্যে বিএনপি-সংশ্লিষ্ট ১৮৪ জন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ৯ জন এবং জামায়াতের একজন কর্মী রয়েছেন। বাকি ৩৪ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, শুধু রাজনৈতিক দলের পদধারী নেতারাই নন, তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যেও অনেকে সার ডিলারশিপ পেয়েছেন।
সুনামগঞ্জে বিএনপি নেতা মো. আক্কাছ খান অপুর খান ট্রেডার্স, যুবদল নেতা ইমরান হোসেনের ইমরাম কবার এন্ড টেলিকম, যুবদল নেতা সেলিম উদ্দিনের নওশিন ট্রেডার্স, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং বিএনপি নেতা মো. আফাজ উদ্দিনের ফারহান এন্টারপ্রাইজ সার ডিলারশিপ পেয়েছে।
এ ছাড়া বিএনপি নেতাদের স্বজনদের মধ্যেও ডিলারশিপ পাওয়ার তথ্য পাওয়া গেছে। ফাইজা এন্টারপ্রাইজের মালিক এনায়েত হোসেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেনের ছোট ভাই। ফোর ব্রাদার্স এন্টারপ্রাইজের মালিক জুনায়েদ আহমেদ সুমন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ছেলে।
একইভাবে হক এন্টারপ্রাইজের মালিক মো. মনজুরুল হক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের ছোট ভাই। রুবেল এন্টারপ্রাইজের মালিক মো. রুবেল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মুর্শেদ খোকনের চাচাতো ভাই। মিরাব এন্টারপ্রাইজের মালিক মো. মিশু তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর ছোট ভাই।
কৃষকদের জন্য ভর্তুকি মূল্যে সার বিতরণের মতো গুরুত্বপূর্ণ খাতে ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় ও স্বজনপ্রীতির অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে। তবে ডিলার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি যোগ্যতা, অভিজ্ঞতা ও সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের বিষয়।
বার্তা প্রেরক
আবু মুসা সরকার

মন্তব্য করুন