মস্তিষ্কের টিউমারের চিকিৎসার কারণে দীর্ঘ ৯ মাস অভিনয় থেকে দূরে থাকার পর শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরলেন তিনি। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।
‘হ্যাপি কাউ’ নিবেদিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। তানিয়া বৃষ্টির শুটিংয়ের ছবি প্রকাশ করে তাঁকে স্বাগত জানিয়েছেন নির্মাতা। নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেকে। শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষায় তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পর উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের পর গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান অভিনেত্রী।
অবশেষে সুস্থ হয়ে দীর্ঘ বিরতি ভেঙে আবারও শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি।

মন্তব্য করুন