মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত হয়েছে বলিউড সিনেমা ‘ইঠা’। এতে বিঠাবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশ পেয়েছে লক্ষ্মণ উতেকার পরিচালিত সিনেমাটির ট্রেলার। এতে উঠে এসেছে বিঠাবাইয়ের বর্ণাঢ্য মঞ্চজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সংগ্রাম, সম্পর্কের টানাপোড়েন ও নানা প্রতিকূলতার গল্প।
১৯৩৫ সালে মহারাষ্ট্রের পন্ধরপুরে জন্ম নেওয়া বিঠাবাই ছোটবেলা থেকেই তামাশা ও লাবণী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ব্যক্তিজীবনে নানা সংকটের মুখোমুখি হন তিনি। জীবনের শেষদিকে আর্থিক দুরবস্থার কারণে চিকিৎসার খরচ জোগাড় করতেও তাঁর পরিবারকে হিমশিম খেতে হয়েছিল। ২০০২ সালের জানুয়ারিতে মারা যান এই শিল্পী।
তবে শিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি তামাশা শিল্পীদের কল্যাণেও ভূমিকা রেখেছিলেন বিঠাবাই। তাঁদের পেনশন নিশ্চিত করার উদ্যোগে কাজ করেছিলেন তিনি।
ম্যাডক ফিল্মস ও কথপুতলি ক্রিয়েশনসের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, নানা পাটেকর, সিদ্ধার্থ যাদব ও উলকা গুপ্ত। সংগীত পরিচালনায় রয়েছেন অজয়-অতুল।
আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইঠা’র।

মন্তব্য করুন