ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের সব অফিসকে বাসা থেকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ভবনটির অফিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভাড়াটেদের ই-মেইল পাঠিয়ে নির্ধারিত সময়ে অফিসে না আসার অনুরোধ জানিয়েছে। তবে ভবনটির নিচতলার শপিংমল খোলা রয়েছে।
এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সৌদি আরব মিশন। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল বন্ধ থাকার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
মার্কিন মিশনের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রয়েছে। অন্যদিকে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু থাকলেও সেখানে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটছে।
শনিবার জারি করা নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারকারী মার্কিন নাগরিকদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলা হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য নতুন হামলা, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ফ্লাইটের সময়সূচিতে আকস্মিক পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে মার্কিন মিশন। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের মোবাইল ফোনে পাঠানো জরুরি সতর্কবার্তাও অনুসরণ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন