বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে চার জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। রোববার ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তা এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক হতে পারা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এ আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্রীড়াক্ষেত্রে নারীদের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি খেলাধুলার আদর্শ ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন