ভারতের কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে কলকাতার উত্তরাঞ্চলের চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে পূজামণ্ডপের ভেতরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় জমে। একপর্যায়ে বের হওয়ার গেটে হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে। আহত ৩৫ জনকে উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়।

কলকাতা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পূজামণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, প্যান্ডেলের প্রবেশ ও বের হওয়ার গেট ছিল সরু। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। পদদলনের সময় অনেকেই জ্ঞান হারান। পরে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর মেয়ে ও নাতিও আহত হয়েছেন বলে তিনি জানান।

ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।