রাজধানীর গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে অংশ নেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের কর্মকাণ্ডে আইনের ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হবে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান জানান, ঘটনাটি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হবে। তাঁর প্রতিবেদন পাওয়ার পর আইনের ব্যত্যয় পাওয়া গেলে ঢাকা মহানগর পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি বলে জানান তিনি।
শনিবার বিকেলে ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় এক হাতে হ্যান্ড মাইক এবং অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোককে ধাওয়া করছেন তিনি। একপর্যায়ে অস্ত্র তাক করে তাঁদের দাঁড়ানোর নির্দেশ দিতেও দেখা যায় তাঁকে। ভিডিওতে সাদা পোশাকে আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায়।
এদিকে, শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ইশরাক হোসেন ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে পোস্টে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী এর আগে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন বলেও তাঁর পোস্টে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন