বাংলাদেশ সফরে আসার আগেই টেস্ট স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ব্যক্তিগত ও পারিবারিক কারণে কিমো পল দেশে ফিরে যাওয়ায় তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার শামার স্প্রিংগারকে।
রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ক্যারিবীয় ক্রিকেট দলের। এ সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ২৮ বছর বয়সী স্প্রিংগারের এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। তবে ওয়ানডেতে তিনটি এবং টি-টোয়েন্টিতে ১২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ১ হাজার ৪৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৫৮টি উইকেট।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স করেছেন স্প্রিংগার। বার্বাডোজের হয়ে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান করার পাশাপাশি নিয়েছেন সাতটি উইকেট।
কিমো পলের পাশাপাশি বাংলাদেশ সফরের টেস্ট দল থেকে বিশ্রামে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। তাঁর পরিবর্তে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা ব্যাটার কেভিন উইকহ্যাম। চোটের শঙ্কা ও খেলোয়াড়দের কাজের চাপ বিবেচনায় স্কোয়াডে নেই পেসার আলজারি জোসেফও।
ভারত সফর শেষ করেই বাংলাদেশে আসছে ক্যারিবীয়রা। সফরের শুরুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে সিলেটে, ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, শামার স্প্রিংগার, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

মন্তব্য করুন