দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেটে দুজন, ময়মনসিংহে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩৮ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২২১ জন, বরিশালে ২০৫ জন, সিলেটে ১২৩ জন, খুলনায় ৭৫ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৪৭ জন এবং রাজশাহীতে ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

এ সময়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ১২২ জনের হাম শনাক্ত হয়েছে।