বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এসবের পরাজয় নিশ্চিত করাই দুর্গাপূজার মূল দর্শন।
রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে যখন সংঘাত, হানাহানি ও বিদ্বেষ বিরাজ করছে, তখন বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারছেন। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত।
রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং পূজার সার্বিক সফলতা কামনা করেন।
রমনা কালীমন্দিরের ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংসের চেষ্টা করা হয়েছিল এবং ১৯৭৩ সালে এটি ধ্বংস করা হয়। পরে ২০০১ সালে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় মন্দিরটি পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভিন্ন সময়ে অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয়। এসব মোকাবিলা করে সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অর্পনা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ মন্দিরের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে দেন।

মন্তব্য করুন