রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রী প্রকল্পের বর্তমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে যেসব বাধা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের নির্দেশ দেওয়া হয়। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের কথাও বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। এ জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে। রাজধানীর সড়কে প্রতিদিন বাড়ছে যানবাহনের চাপ। এর ফলে দীর্ঘ যানজট নগরবাসীর সময় ও কর্মঘণ্টার বড় অংশ নষ্ট করছে। এমন পরিস্থিতিতে ইনার সার্কুলার রিং রোডকে যানজট নিরসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে দেখা হচ্ছে।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন