
সিলেট নগরীর লালদিঘীরপাড় হকার্স মার্কেট থেকে মাত্র এক মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে মার্কেটের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন। তার মোটরসাইকেলটি পালসার ১৫০ সিসি, নেভি-ব্লু রঙের। এর রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-ল-১১-১৩০৯।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, চোরটি হাতে হেলমেট নিয়ে দীর্ঘ সময় মোটরসাইকেলটি পর্যবেক্ষণ করছিল। পরে মোবাইল ফোনে কথা বলার ভান করে অত্যন্ত স্বাভাবিকভাবে মোটরসাইকেলটির কাছে যায়। একপর্যায়ে মাত্র এক মিনিটের মধ্যে হ্যান্ডেল লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ব্যবসায়ী শাহাব উদ্দিন বলেন, ‘লোকটিকে আমি কয়েকবার লক্ষ্য করেছি। কিন্তু তাকে দেখে মোটেও চোর মনে হয়নি। একেবারে ভদ্র মানুষের মতো মোবাইলে কথা বলছিল। আমি যখন কাস্টমার সামলাতে ব্যস্ত হয়ে পড়ি, তখনই সে মোটরসাইকেলটি নিয়ে যায়। গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনে বাইরে এসে দেখি সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি পেছনে দৌড়েও তাকে ধরতে পারিনি।’
ঘটনার পর পুলিশ হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানানো হলে এসএমপি কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে তৎপরতা চালালেও এখন পর্যন্ত সেটির সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় ব্যবসায়ী সাহাব উদ্দিন এসএমপি কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-ল-১১-১৩০৯। চেসিস নম্বর- MD2A11CY0HWE97940 এবং ইঞ্জিন নম্বর -DHYWHE37361।
ইতোমধ্যে মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেল চোরের চেহারা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মোটরসাইকেলটি উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ী শাহাব উদ্দিন। কেউ মোটরসাইকেলটির সন্ধান পেলে তাকে দ্রুত জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
