সাব-রেজিস্ট্রার কার্যালয় নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া নেতিবাচক ধারণা দূর করতে এবং দুর্নীতির সঙ্গে জড়িত সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে কর্মকর্তাদের বদলির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একদিনে পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। তাই ধাপে ধাপে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা শহরের সাব-রেজিস্ট্রার পদগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমানে সারাদেশে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রার রয়েছেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকার জন্য বাছাই করা হয়েছে। তবে শুধু লটারির ফলের ভিত্তিতে তাদের পদায়ন করা হবে না। কর্মকর্তাদের দক্ষতা এবং সংশ্লিষ্ট এলাকার কাজের চাপ বিবেচনা করে তাদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হবে।
আইনমন্ত্রী বলেন, ঢাকার সব সাব-রেজিস্ট্রার পদকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কোথাও কাজের চাপ বেশি, আবার কোথাও তুলনামূলক কম। তাই কর্মকর্তার সক্ষমতা অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হবে।
তিনি জানান, লটারির মাধ্যমে বদলির এই প্রক্রিয়া ভবিষ্যতেও চালু থাকবে। যেসব পদকে দীর্ঘদিন ধরে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ রয়েছে, সেসব জায়গায় পর্যায়ক্রমে রোটেশনের মাধ্যমে কর্মকর্তাদের বদলি করা হবে।



মন্তব্য করুন