ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম

শিবির নেতা হত্যা মামলা: গাইবান্ধায় ৪ আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ২৯ বার পঠিত
শিবির নেতা হত্যা মামলা: গাইবান্ধায় ৪ আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে সোমবার রাতে সাঘাটা থানায় এ হত্যা মামলা করেন।

মামলায় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়াসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় মুকুল মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি এবং একজন সন্দেহভাজন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের আশরাফ খন্দকার, শিমুল তাইড় গ্রামের রবিউল ইসলাম, বোনারপাড়া গ্রামের শাহ আলম এবং বোনারপাড়া এলাকার মোফাজ্জল হোসেন।

পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে সাঘাটার বোনারপাড়া চৌরাস্তা এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী (২২) নিহত হন।

নিহত সাইফুল্লাহ উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় সালাহউদ্দিন নামে এক শিবির কর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box