
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের দাবি করেছে নিষিদ্ধ ছাত্রলীগের সরকারি রাজেন্দ্র কলেজ শাখা। সংগঠনটির কয়েকজন সদস্য দাবি করেন, সোমবার রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এ–সংক্রান্ত একটি ৪০ সেকেন্ডের ভিডিও সোমবার রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কালো মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরে মোমবাতি নিভিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
ভিডিওতে সৈয়দ তামজিদুল রশিদকে বলতে শোনা যায়, “বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে।”
এ বিষয়ে সৈয়দ তামজিদুল রশিদ বলেন, ওই সময় রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবনের সামনে বড় পর্দায় একটি ফুটবল খেলা দেখানো হচ্ছিল। রাত ১২টা বাজলে কলেজ শাখার কর্মীদের নিয়ে শহীদ মিনারের উত্তর পাশে টিচার্স ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ভিডিওটি তারা দেখেছেন। তবে ভিডিওটি এমনভাবে ধারণ করা হয়েছে যে স্থানটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।