ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

মৌসুমী ফলেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ৩২ বার পঠিত
মৌসুমী ফলেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা

আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ কিংবা বেল—গ্রীষ্মের এসব রসালো ফল শুধু স্বাদেই অনন্য নয়, ত্বকের সজীবতা ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রচণ্ড গরম, ঘাম ও আর্দ্রতায় ত্বক যখন প্রাণহীন হয়ে পড়ে, তখন মৌসুমি ফল শরীরের ভেতর থেকে পুষ্টি জোগিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে।

বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাজেদা আক্তার খানম বলেন, সকালের নাশতা ও দুপুরের খাবারের মধ্যবর্তী সময়ে কিংবা বিকেলের নাশতায় ফল খাওয়া ভালো। প্রতিদিন দুই থেকে তিন ধরনের ফল খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে জুসের চেয়ে আস্ত ফল খাওয়া বেশি উপকারী।

আমে বাড়ে ত্বকের উজ্জ্বলতা

পাকা আমে রয়েছে ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন, যা ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে। এটি ত্বকের কোমলতা বজায় রাখতে এবং বলিরেখা কমাতে ভূমিকা রাখতে পারে।

লিচু ধরে রাখে তারুণ্য

লিচুতে থাকা ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে। এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে, ফলে ত্বক দেখায় সতেজ।

জাম কমায় কালচে ভাব

জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের যত্নে সহায়ক। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং ব্রণ ও দাগ কমাতে ভূমিকা রাখতে পারে।

কাঁঠাল আনে নমনীয়তা

কাঁঠালে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও আঁশ। এটি হজমপ্রক্রিয়া ভালো রাখার পাশাপাশি শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, যা ত্বকের মসৃণতা ধরে রাখতে সাহায্য করে।

তরমুজে মেলে আর্দ্রতা

তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। এতে থাকা লাইকোপেন ও পানি শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে। গরমে শুষ্ক হয়ে যাওয়া ত্বককে সতেজ রাখতে এটি কার্যকর।

বেল কমায় অস্বস্তি

বেলে রয়েছে ফাইবার ও ভিটামিন ‘সি’। এটি হজমে সহায়তা করার পাশাপাশি শরীরের প্রদাহ কমাতে এবং ত্বকের সুস্থতা বজায় রাখতে ভূমিকা রাখতে পারে।

ফল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা

বিশেষজ্ঞরা বলছেন, আম ও লিচুর মতো ফলে প্রাকৃতিক চিনি ও ক্যালরির পরিমাণ বেশি। অতিরিক্ত খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। কারও কারও ক্ষেত্রে নির্দিষ্ট ফলে অ্যালার্জিও হতে পারে।

তাই নিজের শারীরিক অবস্থা অনুযায়ী ফল খাওয়া উচিত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস বজায় রাখলে গরমেও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব।

Facebook Comments Box