রাজধানীর রূপনগর থেকে অপহরণের ১৮ দিন পর ছয় বছরের শিশু বায়জিদকে গাজীপুরের একটি শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪।
মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের দত্তপাড়ায় সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। পরে মিরপুরে এসআরবি-৪ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
এসআরবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রূপনগরের দুয়ারীপাড়া এলাকার একটি বাসা থেকে বায়জিদকে অপহরণ করা হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুটিকে অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হয়।
তদন্তে জানা যায়, পাশের বাসার ভাড়াটিয়া কুলসুমের মেয়ে নাসরিন কয়েক দিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল। নাসরিন ও লিপি নামে আরেক নারী শিশুটিকে অপহরণের পর গাজীপুরে নিয়ে যায়। সেখানে তারা কয়েকজনের কাছে শিশুটিকে বিক্রির চেষ্টা করে বলে তদন্তে উঠে এসেছে।
তবে শিশুটিকে বিক্রি করতে ব্যর্থ হয়ে তারা তাকে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় পুলিশ শিশুটিকে উদ্ধার করে গাজীপুরের শিশু পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়। পরিচয় শনাক্ত না হওয়ায় সেখানে ১৮ দিন অবস্থান করে বায়জিদ।
তদন্তের মাধ্যমে সোমবার শিশুটির অবস্থান শনাক্ত করার পর মঙ্গলবার তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কুলসুমকে গ্রেপ্তার করা হয়েছে। নাসরিন, লিপিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, তার বাবা রিকশাচালক এবং মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। ১৮ সেপ্টেম্বর সকালে মা কাজে বের হওয়ার পর দুপুরে বাবা ঘুম থেকে উঠে বায়জিদকে বাসায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রূপনগর থানায় অপহরণের মামলা করা হয়।
শিশু পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসক ইসমত আরা মিতা জানান, ১৯ সেপ্টেম্বর গাজীপুরের বাসন থানা থেকে শিশুটিকে তাদের কেন্দ্রে আনা হয়েছিল। রাস্তা থেকে উদ্ধারের পর পরিবারের সন্ধান না পাওয়ায় তাকে সেখানে রাখা হয়।

মন্তব্য করুন