সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানিয়েছে, তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলা হুথিদের নিয়ন্ত্রণ থেকে পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই অভিযানকে রাজধানী সানাসহ হুথিদের নিয়ন্ত্রিত অন্যান্য এলাকা পুনরুদ্ধারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ইয়েমেনের মারিব অঞ্চলে হুথিদের ছোড়া একটি ‘ঘোস্ট ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার সঙ্গে ইয়েমেনের স্থিতিশীলতা সরাসরি সম্পর্কিত। হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সরকারি বাহিনীকে আরও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, বাব এল-মান্দেবের দিকে অগ্রসর হওয়া সরকারি বাহিনীর একটি দলকে প্রতিহত করেছে তাদের যোদ্ধারা। একই সঙ্গে সরকারি বাহিনীকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেন তিনি। এতে বেশ কয়েকজন হতাহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন সারি।

মন্তব্য করুন