দুই দিন বন্ধ থাকার পর দেশের ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সব সেবা স্বাভাবিক হয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) ও সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে চালু রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো লেনদেন করতে পারবেন।
ব্যাংক এশিয়াও রাতে জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক সেবা ব্যাহত হয়।
প্রাথমিকভাবে কয়েকটি ব্যাংক গ্রাহকদের জানিয়েছিল, এসব সেবা ১০ অক্টোবর দুপুরের পর স্বাভাবিক হতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে দ্রুত সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে পাঠায়। পরে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটির কার্যক্রম তদারক করে দ্রুত কার্ড-সংশ্লিষ্ট সব সেবা চালুর নির্দেশ দেয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন