শরতের কাশবন কিংবা নীল আকাশের সৌন্দর্য কাছ থেকে দেখার ইচ্ছে ছিল ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণির। তবে সেই ইচ্ছে পূরণ হয়নি। তাই হুমায়ূন আহমেদের বই ‘তন্দ্রাবিলাস’কে সঙ্গী করে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে নীল শাড়িতে মায়াবী সাজে দেখা যায় তাকে। পরিপাটি খোঁপা, মুখে মৃদু হাসি আর শান্ত অভিব্যক্তিতে শরতের আবহ ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো এর পাতা উল্টাতে দেখা যায় তাকে। পুরো আয়োজনেই যেন শরতের প্রকৃতির প্রতি তার অপূর্ণ ইচ্ছার ছাপ ফুটে উঠেছে।

ছবির সঙ্গে পরীমণি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

পরীমণির এমন কাব্যিক পোস্টে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। নীল শাড়িতে তার সৌন্দর্যের পাশাপাশি হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করে কাটানো এই স্নিগ্ধ মুহূর্তও প্রশংসা পেয়েছে।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এর আগে একই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।