কুষ্টিয়ায় অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন কুমারখালীর শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।

ডিবি পুলিশ জানায়, বংশীতলা এলাকায় কয়েকজন অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল্লাশি করে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।