
ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে এএইচসিআই (AHCI) সিলেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, আইসিসিআর স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জাফর সেতু এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. এ.কে.এম. মাহবুব। বক্তারা স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে এএইচসি (AHC) শ্রী অনিরুদ্ধ দাস নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের হাতে আইসিসিআর স্কলারশিপের অফার লেটার তুলে দেন। তিনি বলেন, এই অর্জন শিক্ষার্থীদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে সাফল্যের মাধ্যমে নিজেদের পাশাপাশি দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে অতিথি, অভিভাবক ও উপস্থিত শিক্ষার্থীরা অংশ নেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক যাত্রার শুভসূচনা হয়।