ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেন চালু করেছে সরকার। এই ব্যবস্থায় পণ্য কেনাকাটা বা অর্থ লেনদেনে গ্রাহক ও ব্যবসায়ী, কাউকেই কোনো ফি বা অতিরিক্ত চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং এর মাধ্যমে লেনদেন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এতে গ্রাহক বা ব্যবসায়ীর কাছ থেকে কোনো ধরনের বাড়তি ফি নেওয়া হবে না।
তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর ফলে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলা কিউআর চালু হলে মানুষকে নগদ টাকা বহনের ঝামেলা কমাতে সহায়তা করবে। একই সঙ্গে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে বাংলা কিউআর ব্যবহারে কিছু কারিগরি সমস্যা বা সাময়িক জটিলতা দেখা দিতে পারে। তবে দ্রুত এসব সমস্যা সমাধান করা সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে কার্যকর ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এই ব্যবস্থাকে দেশে সর্বজনীন করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। ক্যাশলেস লেনদেন বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও ডিজিটাল ও আধুনিক করার সুযোগ তৈরি হবে।
সরকারের ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগে সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।






মন্তব্য করুন