হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা আরও উন্নত করতে দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন। সেখানে লাগেজের জন্য অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে বিমান থেকে নামার পর ব্যাগেজ পেতে কত সময় লাগছে এবং লাগেজ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে তাদের অভিজ্ঞতা জানতে চান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, মতবিনিময়ের সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।

এ সময় মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। বিমানবন্দরের সব কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।