গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ভেতরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে সাততলা ভবনের কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
তিনি জানান, আগুনে সৃষ্ট ধোঁয়ায় কারখানার ভেতরে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে ৭০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, কারখানাটির আশপাশে পুকুরসহ পানির কোনো উৎস নেই। এ ছাড়া কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদের বেগ পেতে হচ্ছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


মন্তব্য করুন