রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বছর বয়সী মিশুকে গ্রেপ্তার করা হয়। ডিবির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাড্ডা সেন্টারে ভাঙচুরের ঘটনায় সাজ্জাদ হোসেন মিশু মোল্লার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সূত্রে জানা গেছে, মিশু শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে গত ১ অক্টোবর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়।



মন্তব্য করুন