
চট্টগ্রামের ফটিকছড়িতে চোলাই মদ ও গাঁজা সেবন করে জনউপদ্রব সৃষ্টির অভিযোগে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার বাগান বাজার ইউনিয়ন ও নাজিরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করার পর এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাগান বাজার ইউনিয়নের পুরান রামগড় এলাকার মৃত ধীরেন্দ্রের ছেলে লক্ষ্মণ দে (৩৭), নাজিরহাট পৌরসভার আবুল মনসুরের ছেলে মো. আরাফাত (২৬) এবং নূর আলমের ছেলে আফাজ মিয়া (২২)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভুজপুর থানা-পুলিশের সহায়তায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্যাহ।
অভিযানকালে মাদক সেবন করে প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্যাহ জানান, মাদকের প্রাদুর্ভাব রোধ ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
মাদকমুক্ত ফটিকছড়ি গঠনে জনস্বার্থে এমন ঝটিকা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
