ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

উত্তরে বন্যার সতর্কতা: যেসব এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
উত্তরে বন্যার সতর্কতা: যেসব এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে

উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, অব্যাহত থাকতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা: দেশের উত্তরাঞ্চলে বন্যার শঙ্কার মধ্যেই আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কারণে তিস্তা ও ধরলা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box