ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

দীর্ঘ ১৪ মাস পর ২৮ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেই

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৩০ বার পঠিত
দীর্ঘ ১৪ মাস পর ২৮ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেই

১৪ মাস পর শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ঢাকা: প্রায় ১৪ মাস বিরতির পর আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী জানান, কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী ১ লাখ ২০ হাজার নিয়মিত ইপিআই কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডের দুর্গম এলাকায় ক্যাম্পেইন-পরবর্তী চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালিত হবে, যাতে কোনো শিশু কর্মসূচির বাইরে না থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয়ভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে কর্মসূচির তদারকি করবেন। মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সারাদেশে ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী বছরে দুইবার ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ক্যাপসুল সংকটের কারণে গত বছরের মার্চের পর আর কোনো ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ ১৪ মাস পর পুনরায় এ কর্মসূচি চালু হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে গিয়ে সন্তানদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন এ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি ডায়রিয়া থেকে সুরক্ষা এবং মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Facebook Comments Box