ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পূর্বঘোষিত অবস্থান থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার মতে, ১৬ ডিসেম্বর যতই ঘনিয়ে আসছে, সংশ্লিষ্টদের সুর ততই পরিবর্তিত হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাতের একটি টক শোর ভিডিও ক্লিপ যুক্ত করেন। সেখানে আরাফাতের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে।
শনিবার রাতে প্রচারিত শেখ হাসিনার একটি অডিও বার্তার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন পোস্টে লেখেন, ‘আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে। শনিবার রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই…। পরবর্তীতে আরেক জায়গায় বলেছেন, সুযোগ পেলে যাবো! কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একবারের জন্যও স্পষ্ট করে বলেননি।’ এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
মাঠ পর্যায়ে নাশকতাকারীদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও লেখেন, যারা আগুন-সন্ত্রাস চালাচ্ছেন, তারা সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার এই অডিও বক্তব্যের পর অন্তত সন্ত্রাস ও নাশকতা থেকে তাদের সরে আসা উচিত। অন্যথায় বাংলাদেশের জনগণের নতুন করে গড়ে ওঠা গণপ্রতিরোধের মুখে পড়লে কারও অস্তিত্ব থাকবে না বলে তিনি সতর্ক করেন। এ প্রসঙ্গে বাগেরহাটবাসী এরই মধ্যে প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন রাশেদ খাঁন।

মন্তব্য করুন