সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় একটি কাঠের ট্রলারসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে; এর মধ্যে ২৭০ জন বাংলাদেশি ও ৪৭ জন রোহিঙ্গা। এ ঘটনায় পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।
​রোববার (২৯ নভেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
​কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাগরপথে মালয়েশিয়াগামী একটি সন্দেহজনক ট্রলারের ওপর নজরদারি শুরু করে বাহিনী। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দিলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারটির নাগাল পান এবং সেটিকে আটক করেন।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারে থাকা যাত্রীরা জানান, দালালের মাধ্যমে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পৌঁছানোর আশায় তাঁরা যাত্রা করেছিলেন।
​এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, মানবপাচার রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের পরিচয় যাচাই ও আটক সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।