সুনামগঞ্জের একাধিক সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কম্বল ও ফুসকা এবং ভারতে পাচারকালে বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ভারতীয় কম্বল, ফুসকা ও রসুনের আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুরের চাঁনপুর সীমান্ত থেকে ভারতীয় কম্বল, সদর উপজেলার চিনাউড়া সীমান্ত থেকে ভারতীয় ফুসকা ও বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত থেকে পাচারকালে বাংলাদেশি রসুন জব্দ করেন বিজিবির সদস্যরা।বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন জানিয়েছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চানপুর বিওপির সদস্যরা সীমান্তের বারেক টিলা এলাকা থেকে ২০ পিস ভারতীয় কম্বল এবং সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়া বিওপির সদস্যরা সীমান্তের মাছিরপুর এলাকা থেকে ২৫ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেন। এ সময় বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ১৫ বস্তা বাংলাদেশি রসুন জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় কম্বল, ফুসকা ও রসুনের আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা। সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা সম্ভব হলেও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি বিজিবির সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নানা ধরনের পণ্য ও ভারতে পাচারকালে বাংলাদেশি রসুন জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দ করা সব মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।