নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দেন। দেশ ও জনগণের কল্যাণে নিজেদের সর্বদা নিয়োজিত রাখার অঙ্গীকার করেন। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কতটুকু প্রতিফলন ঘটে জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডে? তাঁদের দায়িত্ব ও কার্যক্রমের যথাযথ তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব কার?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার নিয়েই দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সংসদ সদস্য ও মন্ত্রী—প্রত্যেকের কাছেই জনগণের প্রত্যাশা থাকে, তাঁরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করবেন। কিন্তু কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে অভিযোগ উত্থাপিত হওয়ার পরও যদি সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দপ্তর থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়া যায়, তাহলে সেই অভিযোগের প্রতিকার চাইতে একজন নাগরিক কোথায় যাবেন? সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের পাশ কাটিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর মতো পরিস্থিতি কেন তৈরি হয়—এ প্রশ্নও সামনে আসছে।
এমনই একটি ঘটনা ঘিরে ধর্ম মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তানজিল ইসলাম নামের এক ব্যক্তি। গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে তিনি ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের অধীন ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে সিলেট মহানগরের সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পলি রানী দেবের স্বাক্ষরিত একটি স্মারক ধর্ম মন্ত্রণালয়ের অধীন ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। স্মারক নম্বর ২১৯৭। ওই স্মারকের বিষয়বস্তু এবং পরবর্তী সময়ে সেটি ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত জানতে ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের উপসচিব ও উপ-প্রশাসক মো. সামিউল হকের সঙ্গে যোগাযোগ করেন অভিযোগকারী।
তানজিল ইসলামের অভিযোগ, সংশ্লিষ্ট স্মারক সম্পর্কে জানতে চাইলে উপ-প্রশাসক মো. সামিউল হক তাঁকে বলেন, ‘আপনাকে কেন তথ্য জানাব?’ অভিযোগকারীর দাবি, এ সময় ওই কর্মকর্তার আচরণ ছিল অসৌজন্যমূলক, যা একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার কাছ থেকে তিনি প্রত্যাশা করেননি। শুধু তাই নয়, স্মারকটির বিষয়ে তিনি কোনো তথ্যও পাননি।
অভিযোগকারী আরও জানান, সংশ্লিষ্ট বিষয়টির বিস্তারিত জানতে তিনি সিলেট থেকে ঢাকায় যান। এ জন্য দুই দিনের যাতায়াতসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে তাঁর প্রায় ৮ হাজার টাকা ব্যয় হয়। মূলত স্মারকটির বিষয়বস্তু এবং এর পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে জানতেই তিনি ঢাকায় আসেন।
অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট জমিটি তিনি ক্রয় করেছেন এবং ওই জমির বিষয়ে ১৯৮১ সালে ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় থেকে সেল পারমিশন (বিক্রয় অনুমতি) দেওয়া হয়েছিল। সেই অনুমতির সত্যতা যাচাইয়ের বিষয়েই সিলেট মহানগর ভূমি অফিস থেকে স্মারকটি পাঠানো হয়।
তানজিল ইসলামের দাবি, তিনি সংশ্লিষ্ট স্মারকটির অনুলিপি হাতে করে নিয়ে ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে যান। স্মারকের অনুলিপিতে তাঁর নামও উল্লেখ ছিল। এরপরও বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপ-প্রশাসক মো. সামিউল হক তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে কার্যালয় থেকে চলে যেতে বলেন।
এদিকে, অভিযোগকারীর দাবি, সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকার ও প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশায় তিনি পরবর্তীতে ওয়াক্ফ প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে ওয়াক্ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, প্রায় চার ঘণ্টার মধ্যে তিনি প্রশাসককে অন্তত ১০ বার ফোন করেন। কিন্তু কোনোবারই ফোন রিসিভ করা হয়নি, এমনকি পরবর্তীতেও প্রশাসকের পক্ষ থেকে তাঁকে কলব্যাক করা হয়নি।
একইভাবে ওয়াক্ফ প্রশাসকের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) সজিবের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন তিনি। তবে অভিযোগকারীর দাবি, পিএস সজিবও তাঁর ফোন রিসিভ করেননি কিংবা পরবর্তীতে যোগাযোগের কোনো উদ্যোগ নেননি।
এরপর গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে সরাসরি ওয়াক্ফ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে যান তানজিল ইসলাম। কিন্তু সেখানে গিয়ে প্রশাসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পেয়ে তাঁর পিএস তাকে জানায়, ‘স্যার কোনো জনসাধারণের সঙ্গে দেখা করেন না।’ এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে অভিযোগকারী প্রশ্ন তোলেন, একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব যদি জনগণের সেবা করা হয়, তাহলে তিনি জনসাধারণের সঙ্গে সাক্ষাৎই না করলে তাঁর এই পদে দায়িত্ব পালনের উদ্দেশ্য কী? তিনি কি ব্যক্তিগত কাজে এই পদে বসেছেন, নাকি জনগণের সেবা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য?
এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো তথ্য বা সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখেই ধর্মবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বরাবর বিস্তারিত বিষয় উল্লেখ করে তাঁদের সরকারি ই-মেইল ঠিকানায় লিখিত অভিযোগ পাঠান ভোক্তভোগী। তবে অভিযোগকারীর দাবি, অভিযোগ পাঠানোর পর ছয় দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দপ্তর থেকে তিনি কোনো জবাব, প্রতিউত্তর কিংবা অভিযোগ গ্রহণের বিষয়ে কোনো ধরনের সাড়া পাননি।
এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে তানজিল ইসলাম বলেন, বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের কাছে ই-মেইল কিংবা বার্তা পাঠালে অনেক ক্ষেত্রেই ২৪ ঘণ্টার মধ্যে কোনো না কোনো ধরনের প্রতিউত্তর পাওয়া যায়। অথচ বাংলাদেশের একটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠানোর পরও কেন ছয় দিনেও কোনো সাড়া পাওয়া গেল না—এ প্রশ্নের উত্তর কে দেবে? একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের অভিযোগ ও বক্তব্য জানানোর পরও যদি সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া যায়, তাহলে নাগরিকদের অভিযোগের প্রতিকার পাওয়ার পথ কোথায়?
এ ঘটনায় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী তানজিল ইসলাম। তাঁর প্রত্যাশা, রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মন্ত্রিসভার সদস্যরাই জনগণের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই রাজনীতিতে আসেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের মূল অঙ্গীকার হওয়া উচিত দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা এবং জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করা।
কিন্তু সাধারণ মানুষ যখন তাঁদের অভিযোগ ও সমস্যার কথা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি কিংবা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে তুলে ধরেও কোনো ধরনের জবাব বা প্রতিক্রিয়া পান না, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—জনগণের কথা শোনার দায়িত্ব যাঁদের, তাঁরা যদি জনগণের ডাকে সাড়া না দেন, তাহলে নাগরিকরা প্রতিকার চাইবেন কোথায়? আমরা কি তবে জবাবদিহিহীনতা ও উদাসীনতার এক অন্ধকার পরিস্থিতির মধ্যে ডুবে আছি?
তানজিল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা যেন তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের কথা শোনেন, তাঁদের সমস্যা ও অভিযোগকে গুরুত্ব দেন এবং নাগরিকদের প্রয়োজনে সাড়া দেন। জনগণের ভোট, সমর্থন ও ভালোবাসায় রাষ্ট্রীয় দায়িত্বে আসীন ব্যক্তিদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা এটুকুই যে, তাঁরা যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে জনগণের সেবক হিসেবেই দায়িত্ব পালন করেন।
তিনি আরও বলেন, তাঁর মতো হাজারো মানুষ সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরে নানা কারণে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন বলে তিনি মনে করেন। সাধারণ নাগরিকরা যদি সরকারি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় তথ্য, সহযোগিতা কিংবা ন্যায্য প্রতিকার না পান, তাহলে এই ভোগান্তির শেষ কোথায়? এর সমাধানই বা কী? সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং প্রতিটি দপ্তরে কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি।

মন্তব্য করুন