বিএনপি নেতা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আদালতে চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব তথ্য তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে ইলিয়াস আলীকে অপহরণের উদ্দেশ্যে র্যাবের কয়েকজন সদস্যকে নিয়ে মহাখালী ফ্লাইওভারের কাছে অবস্থান করেছিলেন তৎকালীন কর্নেল জিয়াউল আহসান। তবে সেদিন নির্ধারিত লক্ষ্য সেখানে না আসায় তারা ফিরে যান।
মামলার সাক্ষী ও জিয়াউল আহসানের সাবেক বডিগার্ড সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দির বরাতে চিফ প্রসিকিউটর জানান, পরবর্তী সময়ে ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করা হয়।
ইমরুল কায়েসের সাক্ষ্য অনুযায়ী, ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে তিনি র্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান। অস্ত্রের ইন-আউট রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ নষ্ট করার বিষয়েও জানতে পারেন বলে তার জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আদালতে দাবি করেন, জিয়াউল আহসান ও তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের কথোপকথনে ইলিয়াস আলীকে অপহরণের বিষয়ে স্বীকারোক্তির ইঙ্গিত রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের সন্ধান মেলেনি।
মামলায় রাষ্ট্রপক্ষ জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানিয়েছে। তবে আদালতের চূড়ান্ত রায়ের আগে উত্থাপিত অভিযোগ ও বক্তব্যকে রাষ্ট্রপক্ষের দাবি হিসেবেই বিবেচনা করতে হবে।

মন্তব্য করুন