সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের বাসায় পেট্রোল বোমা হামলার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। হামলার সময় বাসায় আগুন ধরে যায়। তবে ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাড়িটি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি গ্রামে নিজের বাসায় সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।

তিনি বলেন, বাইরে থেকে এসে শুধু শুতে গেছি। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তখন বাসার দুজন নিরাপত্তাকর্মী দৌড়ে বাইরে যান। তারা দেখতে পান, একটি পিকআপে করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে। এ সময় বাসায় আগুন ধরে যায়। পরে নিরাপত্তাকর্মীসহ তিনজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত উল্লেখ করে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, ‘আল্লাহ যদি বাঁচাতে চান, তাহলে বাঁচান। বাসায় ফায়ার এক্সটিংগুইশার থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তা না হলে এক মিনিটের মধ্যে বাড়ি শেষ হয়ে যেত।’

হামলায় তেমন কোনো বস্তুগত ক্ষয়ক্ষতি না হলেও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘এটা একটা মানসিক ক্ষতি। এখন এই বাড়িতে থাকতে হলে যে কেউ ভয় পাবে। আমার স্ত্রী গতকাল থেকে একধরনের ডিপ্রেশনে চলে গেছেন। কারণ, তারা এ ধরনের ঘটনায় অভ্যস্ত নন। এটা একটা মানসিক অশান্তি। জীবনের ঝুঁকিও তো আছেই।’

রাজনীতিতে ঝুঁকি থাকবেই উল্লেখ করে সিলেট-৩ আসনের সংসদ সদস্য বলেন, তাদের (আওয়ামী লীগের) অতীত ইতিহাসও আছে। লন্ডনে কয়েকবার আমার ওপর হামলা করেছে। রাশিয়ান হিটম্যান দিয়েও আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

এর আগে শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি গ্রামে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাড়ির টিনের চালে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।