পশ্চিমবঙ্গের সরকারি স্বীকৃত সব মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি রোববার নির্ধারণ করেছে রাজ্য সরকার। শুক্রবার জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, রোববার ও সরকার অনুমোদিত ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্য সব দিন মাদ্রাসা খোলা রাখতে হবে। অন্য কোনো কর্মদিবসে সাপ্তাহিক ছুটি দেওয়া যাবে না।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের এক সদস্য জানান, কিছু মাদ্রাসার পরিচালনা কমিটি শুক্রবার সাপ্তাহিক ছুটি পালন করলেও নতুন নির্দেশনায় তা আর অনুমোদিত হবে না। প্রশাসনিক কাজে সমন্বয় ও শিক্ষাদিবসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত।

তবে রাজ্যের অধিকাংশ সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় আগে থেকেই রোববার সাপ্তাহিক ছুটি প্রচলিত। রাজ্যের ৬১৪টি সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসার প্রায় ৯০ শতাংশই রোববার বন্ধ থাকে বলে জানিয়েছেন পান্ডুয়ার হরাল ইউনাইটেড হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মীর আবদুল রফিক। ফলে নতুন নির্দেশনাকে অনেকটা প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মাদ্রাসাগুলোকে স্কুলশিক্ষা দপ্তরের অধীনে আনার কোনো পরিকল্পনা সরকারের নেই।

অন্যদিকে, রাজ্যে সরকারি স্বীকৃতি ও অনুদানবিহীন খারিজি মাদ্রাসাগুলোর ওপর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ২৫২টি অননুমোদিত মাদ্রাসা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে, ১০০টিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ডিসেম্বরের পরীক্ষা শেষে আরো ২৫০টি মাদ্রাসা বন্ধের পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।