সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে চানাচুর বিক্রি করছিলেন আমির উদ্দিন (৩৫)। রোববার সন্ধ্যার দিকে হঠাৎ চোখে পড়ে ভ্যানের পাশে একটি ব্যাগ পড়ে আছে।

কৌতূহল নিয়ে ব্যাগটি তুলে খুলতেই চমকে ওঠেন তিনি। ভেতরে রাখা ছিল এক জোড়া সোনার চুড়ি ও দুটি আংটি—ওজন প্রায় তিন ভরি।

আমির উদ্দিনের ভাষ্য, এত সোনা একসঙ্গে দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। নিজের ভ্যানে ব্যাগটি রাখা নিরাপদ মনে হয়নি; কারণ আগেও তিন দফা তার দোকানে চুরির ঘটনা ঘটেছে। তাই ছেলের মাধ্যমে ব্যাগটি বাড়িতে পাঠিয়ে দেন। এরপর নিজে মালিকের সন্ধানে নামেন।

অন্যদিকে ব্যাগটির মালিক তখন চরম উদ্বেগে ছিলেন। শহরের আবুল হোসেন রোডের ভাড়া বাসার বাসিন্দা সজল তালুকদার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অলংকার পরিষ্কার করাতে দোকানে গিয়েছিলেন। ফেরার পথে রিকশা থেকে নামার পর টের পান, স্ত্রীর হাতে থাকা ব্যাগটি সঙ্গে নেই। কোথায় পড়েছে, তাও মনে করতে পারছিলেন না।

বিষয়টি থানায় জানিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে অনেক জায়গায় খোঁজ করেন সজল। কিন্তু কোথাও ব্যাগের হদিস মেলেনি। শেষমেশ নিরাশ হয়ে বাড়ি ফিরে যান তিনি।

পরে তার দুই বন্ধু আরেকটি রিকশায় ফেরার সময় ব্যাগ হারানোর প্রসঙ্গ তুললে রিকশাচালক আবু সাইদ জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে মালিককে খুঁজছেন। সেই সূত্র ধরেই সজলের সঙ্গে যোগাযোগ হয় আমির উদ্দিনের।

রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন আমির উদ্দিন। প্রায় চার ঘণ্টা পর নিজের হারানো অলংকার ফিরে পান সজল।

এ সময় আমির উদ্দিন বলেন, ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছেন। তবু অন্যের জিনিসের প্রতি কখনো লোভ জন্মায়নি।

সজল তালুকদার জানান, চার ঘণ্টা ধরে তিনজন মিলে ব্যাগটি খুঁজেছেন তারা। আমির উদ্দিনকে খুবই সরল মানুষ মনে হয়েছে তার। প্রথমে টাকা নিতে রাজি হচ্ছিলেন না, পরে জোর করে ৫ হাজার টাকা উপহার দিয়েছেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশও ব্যাগটির সন্ধান চালায়। আমির উদ্দিনের সততার কারণেই ব্যাগটি ফেরত দেওয়া সম্ভব হয়েছে।