সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান গেটে পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেলে দাড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের আগৈলঝড়া থানার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) এবং সুনামগঞ্জের দিরাই থানার বলনপুর এলাকার বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। তারা দুজনই বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন দাড়িয়াপাড়ার ৬৩/বি নম্বর বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়াস্থ ‘মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে’ অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান গেটে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
​এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২১৫৯, তারিখ-২১/১১/২০২৬) রুজু করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে অপূর্ব ও দুর্জয়কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের পারস্পরিক যোগসাজশে নাশকতা সৃষ্টি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
​গ্রেপ্তারকৃত দুই তরুণকে ফৌজদারি কার্যবিধির (ফৌঃ কাঃ বিঃ) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।