ঢাকাসহ দেশের আট জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন যেকোনো কর্মকাণ্ড ঠেকাতে তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সেখান থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি আরো জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।

মন্তব্য করুন