সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহান (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহান ইসলামপুর গ্রামের শাহজাহানের ছেলে। তিনি স্নাতক (অনার্স) শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহান নিজ কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে কী কারণে সোহান এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।