সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালনী-কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও বাজার ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
অভিযোগ রয়েছে, শাল্লা উপজেলার মির্জাকান্দা গ্রামের কাজল মিয়া, হামিদ মিয়া ও তাঁর ছেলে মাসুদ মিয়াসহ কয়েকজনের নেতৃত্বে এই বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত গভীর হলে মেদা বাজার-সংলগ্ন নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার চালু করে বালু উত্তোলন করা হয়।
সম্প্রতি রাতের বেলায় নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দৃশ্য স্থানীয়দের নজরে এলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এলাকাবাসীর কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয় বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ভিডিও ধারণ করতে গেলে এক ব্যক্তিকে সাংবাদিকের ক্যামেরার সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। ভিডিও ধারণ বন্ধ করার জন্যও চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে লিখিত অভিযোগও করা হয়েছে উপজেলা প্রশাসনের কাছে। অভিযোগের ছবিতে দেখা যায়, শাল্লা উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে কাজল মিয়াসহ একাধিক ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত আনুমানিক ২টার দিকে শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার কালনী নদীর পাড়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে বিবাদীদের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে আরও বলা হয়, বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্থানীয়দের হুমকি ও হয়রানির মুখে পড়তে হচ্ছে।অভিযোগকারী প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তবে লিখিত অভিযোগের পরও নদীতে বালু উত্তোলন বন্ধ হয়েছে কি না, সে বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, রাতের বেলায় প্রশাসনের সহযোগিতা চেয়েও অনেক সময় তাৎক্ষণিক সাড়া পাওয়া যায় না। জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ এবং উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সমন্বয়হীনতার অভিযোগ করেছেন তাঁরা।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে অবাধে বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও বাজার মারাত্মক ভাঙনের ঝুঁকিতে পড়বে। ইতোমধ্যে নদীতীরবর্তী এলাকার মানুষ নিজেদের বসতভিটা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।এখন এলাকাবাসীর প্রশ্ন—লিখিত অভিযোগের পরও কেন বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন? কারা এর পেছনে রয়েছে, আর প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে রাতের আঁধারে চলছে ড্রেজার?
অভিযোগের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন