চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের বৃহৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠান ‘হেলথ কেয়ার লাইফ সাইন্স লিমিটেড’-এ চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত কারখানায় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় তারা পিছু হটে। এ ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ৫-৬ জনের একটি দুর্বৃত্ত দল কৌশলে সীমানা প্রাচীর টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। ডিউটিরত নিরাপত্তা কর্মী মো. ইসমাইল হোসেন, জাহাঙ্গীর ও সুলতানের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে এবং ঘেরাও করে ফেলে।
এ সময় নিরাপত্তা কর্মীদের চিৎকারে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মী ও নিরাপত্তারক্ষীরা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে হেলথ কেয়ার লাইফ সাইন্স লিমিটেডের হেড অব এডমিন ভূঁইয়া আবু মো. সাদাত বলেন, “নিরাপত্তা কর্মীদের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা মালামাল নিতে ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা বিষয়টি ইকোনমিক জোন পুলিশ ফাঁড়িকে অবহিত করে জোরারগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছি।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হেলথ কেয়ার লাইফ সাইন্স লিমিটেডের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক বিষয়াদি পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
