খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রি, পচা-বাসি খাবার মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দীন বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
​সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার অংশ নেন।
​অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের যথাযথ ভাউচার না রাখা এবং খাদ্যপণ্যে ব্যবহারের উদ্দেশ্যে শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে ‘ফজল দিন ইকবাল দিন’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​একই এলাকায় ‘পূরবী হোটেল’-এ অভিযান চালিয়ে ফ্রিজে পচা ও বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। উদ্বেগজনকভাবে হোটেলটির ফ্রিজে অন্য গ্রাহকের খাওয়া শেষে প্লেটে পড়ে থাকা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করে রাখা হয়েছিল। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও প্রক্রিয়াজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
​এ ছাড়া দীর্ঘ সময় ধরে পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাবার ভাজার দায়ে ‘বিসমিল্লাহ ঝাল বিতান’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।