রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই কেন্দ্র থেকে সব প্রস্তুতি ঠিকঠাক থাকলে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান মঙ্গলবার এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সরবরাহের কয়েক ঘণ্টা পর গ্রিড থেকে ইউনিটটি বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কেন্দ্রটিতে পারমাণবিক জ্বালানির তাপে পানি বাষ্পে রূপান্তরিত হবে এবং সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হবে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি চলবে মাত্র ৩ শতাংশ সক্ষমতায়। ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়া গেলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে, যা প্রায় ৩০০ মেগাওয়াটের সমান হতে পারে।
এর পরও নিরাপত্তা, কারিগরি ও সক্ষমতা যাচাইয়ের নানা পরীক্ষা অব্যাহত থাকবে। পূর্ণ সক্ষমতায় উৎপাদনে পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে। পরীক্ষামূলক সরবরাহের পর্ব শেষ হলে শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, জাতীয় গ্রিড প্রস্তুত আছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল এ অনুমোদন দেওয়া হবে।
সূত্রমতে, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে সরকার একটি আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা করছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি অংশ নিতে পারেন।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের ন্যূনতম উৎপাদন লক্ষ্যমাত্রা ১১৫০ মেগাওয়াট। কেন্দ্রের নিজস্ব প্রয়োজনে সর্বোচ্চ ১২০ মেগাওয়াট রেখে প্রতিটি ইউনিট থেকে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে গ্রিডে যুক্ত হবে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ। চুক্তি অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হবে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত এ কেন্দ্রটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে, আর কেন্দ্র পরিচালনার দায়িত্বে আছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। দুই দফায় মেয়াদ বাড়িয়ে তা ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ব্যয় বেড়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। বর্তমানে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

মন্তব্য করুন