চট্টগ্রামকে কেবল কাগজে-কলমে নয়, বরং প্রকৃত অর্থে একটি শক্তিশালী বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।

​দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রামে সফরে এসে অর্থমন্ত্রী বলেন, “চট্টগ্রামে বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পোর্টের (বন্দর) কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার কোনো বিকল্প নেই। বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তর করা হবে।”

​দেশের বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থানকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে সরকারের বিস্তারিত ও সমন্বিত পরিকল্পনা রয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

​দীর্ঘদিন পর নিজ শহরে পা রেখে অর্থমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ভালো লাগছে। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। দেশের মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে, আর সেই প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”