রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। গতবছর (২০২৪) পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম এসএসসির ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বছর পাসের হার কমে হয়েছে ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। গত বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১১ হাজার ৯৬২ জন ছাত্র ও ১০ হাজার ৩৬৫ জন ছাত্রী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী বসেছিল। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ আর ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ।

তিনি আরও বলেন, চলতি বছর এক লাখ ৮১ হাজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯টি।