নওগাঁর মান্দা উপজেলায় ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডল ট্যাবলেটসহ জামাই-শ্বশুরকে আটক করেছে পুলিশ।
বুধবার ( ৯ জুলাই) উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে আল মামুন বাবু (৪৬) ও তার জামাই গণেশপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মুক্তার হোসেন (৩০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, তারা জামাই শ্বশুর দীর্ঘদিন থেকে মাদক কারবারির সঙ্গে জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুর কাছ থেকে ৬০ পিস ও তার জামাই মুক্তার হোসেনের কাছ থেকে ১৪০ পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধারসহ তাদের আটক করা হয়।
ওসি আরো জানান, ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ তাদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
