আগামী ১৮ জুন ফেনীতে ২ লাখ ৪৪ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (১৪ জুন) সকালে ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানায়, আগামী ১৮ জুন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ওই দিন সকাল ৮টা-বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টিসহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র থাকবে।
সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসিফ উদ-দৌলা সিফাত জানান, ক্যাপসুল খাওয়ানো দায়িত্বে জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা এস এম আল-আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস, ডা. আসিফ উদ দৌলা সিফাত, ডা. রাশেদুল হাসান প্রমুখ।
